মিসোগি (禊)
কয়েকমাস আগে শান পুরির একটা টুইট স্ক্রল করতে করতে থেমে গিয়েছিলাম।
শান পুরি আমার প্রিয় এন্ট্রাপ্রেরনারদের একজন। তিনি একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন, যেখানে তিনি পিয়ানো বাজাচ্ছেন। ক্যাপশনে লিখেছিলেন এটা তার ২০২৫ সালের মিসোগি চ্যালেঞ্জ। পিয়ানো শেখা।
ভিডিওটা দেখতে দেখতে মাথায় একটাই চিন্তা ঘুরছিল, মিসোগি আইডিয়াটা তো অনেক সেরা। আমিও কি এরকম কিছু নিতে পারি ২০২৬ এর জন্য?
মিসোগি (Misogi) কী?
মিসোগি (禊) একটা জাপানি শিন্টো রিচুয়াল। মূল অর্থটা হলো পুরো শরীর ধুয়ে পরিশুদ্ধ হওয়া, মানে water cleansing। জাপানে মানুষ বছরে একবার পবিত্র ঝরনা, নদী বা হ্রদে গিয়ে এই রিচুয়াল পালন করেন। মাউন্ট অন্টাকে, কিই মাউন্টেন রেঞ্জ, মাউন্ট ইয়োশিনো এগুলো মিসোগির জন্য পরিচিত জায়গা।
কিন্তু এই ঐতিহ্যবাহী রিচুয়ালের বাইরে একটা আধুনিক ব্যাখ্যা আছে যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি।
আধুনিক অর্থে মিসোগি হলো বছরে একটা কঠিন চ্যালেঞ্জ নেওয়া, যেটা আপনাকে আপনার সীমার বাইরে নিয়ে যাবে। শুধু কঠিন না, এমন কঠিন যে সফল হওয়া না হওয়া নিয়ে সন্দেহ থাকবে। সামুরাই ঐতিহ্যে এটা যোদ্ধাদের মানসিক স্থিরতা তৈরি করতে এবং নিজেকে গভীরভাবে চেনার কাজে ব্যবহার হতো।
মিসোগির একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। আপনি যদি প্রতিবার সফল হয়ে যান, তাহলে বুঝবেন লক্ষ্যটা যথেষ্ট উচ্চাভিলাষী ছিল না। মিসোগি এমন কিছু হওয়া উচিত যেটায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশের বেশি।
কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই মিসোগির। একজনের জন্য দশ মাইল দৌড়ানোটা বড় চ্যালেঞ্জ হতে পারে, আরেকজন এভারেস্ট বেছে নিতে পারেন। সবটাই নির্ভর করে আপনি এখন কোথায় আছেন তার উপর।
আলেক্সান্দ্রা মাতেউস নামে একজন লেখক বলেছেন, মিসোগি আমাদের নিজেদের সম্পর্কে ধারণাটাকে বড় করে দেয়। আমরা নতুন চ্যালেঞ্জের সামনে বেশি শক্ত, মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি হয়ে যাই।
২০২৬ সালে আমার মিসোগি: চিনি ছেড়ে দেওয়া

প্রথমে চিন্তা করছিলাম শুধু চায়ে চিনি খাব না।
তারপর ভাবলাম, এতে আসলে কী হবে? চায়ে চিনি না খাওয়াটা কঠিন, কিন্তু মিসোগির যে সংজ্ঞা, সেটার তুলনায় এটা খুবই সাধারণ। এটা আমার সীমার বাইরে না।
তাই সিদ্ধান্ত নিলাম, সারা বছর কোনো চিনি না। মিষ্টি কিছু না। চায়ে না, রান্নায় না, মিষ্টি ডেজার্টে না, কোল্ড ড্রিংকসে না, কোথাও না।
এটা আমার জন্য কঠিন কেন?
আমি মিষ্টি পছন্দ করি। চা ছাড়া সকাল কল্পনা করতে পারি না, আর সেই চায়ে চিনিটা যেন ডিফল্ট। কোনো অনুষ্ঠানে গেলে মিষ্টি এড়ানো শুধু নিজের ইচ্ছাশক্তির ব্যাপার না, সামাজিক চাপও থাকে। বাড়িতে মেহমান এলে, বিয়ে-অনুষ্ঠানে, ঈদের দিনে, সবখানে মিষ্টি থাকে। সবকিছু ছেড়ে দেওয়াটা আমার কাছে সত্যিকারের কঠিন একটা কাজ।
এটা শুধু খাবারের ব্যাপার না। প্রতিটা দিন একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। কারণ চিনি এড়ানো মানে খাবারের লেবেল পড়া, বাইরে খাওয়ার সময় সতর্ক থাকা, সামাজিক পরিস্থিতিতে না বলতে শেখা।
এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না পুরো বছর পারব কিনা। কিন্তু সেটাই তো মিসোগির পয়েন্ট।
অলরেডি আমি ২০২৬ সালের ৫ মাস পার করে দিয়েছি। বলব না, এর মাঝে ১-২ দিন চিনি খাই নাই, সেটাও অবেচতন মনে। আমি সব সময় এলার্ট থাকি যে চিনি জিনিসটা আমার শরীরে ঢুকছে না তো!
জানি না আমি সারা বছর চিনি না খেয়ে থাকত পারব কি না। কিন্তু এই যে মিসোগি চ্যালেঞ্জ নিয়েছিলাম, এটা আমার ফোকাস ধরে রাখার ব্যাপারে অনেক সাহায্য করছে। এছাড়া নিজের উপর একটা বিশ্বাসও আসে, যে আমি পারব। আর এই জিনিস নিজের ধরে না রাখলে কেমনে হবে? নিজের উপর আলাদা একটা সম্মান আসে, না আমি একটা জিনিস মানব ঠিক করেছিলাম সেটা আমি মানছি।
মিসোগির একটা ব্যাপার আমার সবচেয়ে ভালো লাগে। এটা রেজোলিউশন না। জানুয়ারি ১ তারিখে একটা লিস্ট বানিয়ে ফেব্রুয়ারিতে ভুলে যাওয়া না। এটা একটাই জিনিস, সারা বছরের জন্য, এবং সেটা এমন কঠিন যে মনে না রাখার উপায় নেই।
আপনার ২০২৬ এর মিসোগি কী হতে পারে?
যারা সারা দুনিয়ার মানুষের সাথে মিসোগি চ্যালেঞ্জে যুক্ত হতে চান তারা এই সাব-রেডিটটা জয়েন করতে পারেন। এখানে মানুষ নিজেদের মিসোগি চ্যালেঞ্জ অন্যদের সাথে শেয়ার করে।
Blog Image: Night misogi under a waterfall at Tsubaki Grand Shrine (Wikipedia)
দারুণ লেখা! মিসোগির ধারণাটা খুব ভালোভাবে তুলে ধরেছেন, নিশাত ভাই। বছরের জন্য একটি সাহসী, জীবন-পরিবর্তনকারী চ্যালেঞ্জ নেওয়ার ভাবনাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। লেখাটি পড়ে নিজের জন্যও একটা মিসোগি নির্ধারণ করার ইচ্ছা জাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য। 😊