মাইক্রো ড্রামা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি

মাইক্রো-ড্রামা: যে ইন্ডাস্ট্রির নাম আপনি শোনেননি, কিন্তু যেটা মোবাইল বিনোদনের পুরো হিসাব বদলে দিচ্ছে

ধরুন আপনি TikTok স্ক্রল করছেন। হঠাৎ একটা ভিডিও আসলো, অফিসের বস আর নতুন কর্মচারীর মধ্যে টানটান রোমান্টিক পরিস্থিতি, শেষ হচ্ছে মাঝপথে। পরের ক্লিপে গেলেন। তারপর আরেকটা। তারপর আরেকটা।

আধঘণ্টা পরে বুঝলেন, আপনি একটা সিরিজের বারোটা এপিসোড দেখে ফেলেছেন।

এটাই মাইক্রো-ড্রামা। আর এই তথাকথিত “বাজে কনটেন্ট” ২০২৫ সালে ১১ বিলিয়ন ডলার আয় করেছে। মোবাইলে গেমিং-এর একচেটিয়া আধিপত্য প্রথমবারের মতো ভেঙে দিয়েছে। ByteDance এটা নিজের করে নিতে PineDrama লঞ্চ করেছে। Meta ভেতর থেকে Instagram বদলাচ্ছে। Netflix দূরে দাঁড়িয়ে আছে, কারণ তার কাছে অন্য কোনো রাস্তা নেই।

আর মাঝখানে আটকে আছে ReelShort, যে কোম্পানি ১.২ বিলিয়ন ডলার আয় করেও লোকসানে।

পুরো গল্পটা বলছি।

আপনি হয়তো মাইক্রো-ড্রামার নাম শোনেননি। হয়তো TikTok বা YouTube Shorts-এ স্ক্রল করতে করতে দুই মিনিটের কোনো ভার্টিকাল ভিডিও দেখেছেন  কিংবা ফেসবুকের এডে এইরকম এড এসেছে, বসের সাথে অফিসের সিক্রেট রোমান্স, ধনী পরিবারের লুকানো রহস্য, এক রাতের পরিচয় থেকে তিন মাসের নাটক। এগুলোই মাইক্রো-ড্রামা। সিরিয়াল ফরম্যাটে, প্রতিটা এপিসোড দুই থেকে পাঁচ মিনিটের, শেষ হয় ক্লিফহ্যাঙ্গারে।

ফরম্যাটটা দেখতে হাস্যকর লাগতে পারে। কিন্তু সংখ্যাগুলো মোটেও হাস্যকর না।

মাইক্রো ড্রামার কিছু উদাহারণ
মাইক্রো ড্রামার কিছু উদাহারণ

মাইক্রো ড্রামা ইন্ডাস্ট্রির মাপটা আগে বুঝুন

২০২৫ সালে মাইক্রো-ড্রামার গ্লোবাল রেভিনিউ ছিল ১১ বিলিয়ন ডলার।¹ এই সংখ্যাটা মাথায় রাখুন।

তুলনা দিই তাহলে বুঝতে পারবেন। FAST চ্যানেল বলে একটা ক্যাটাগরি আছে, যেখানে Tubi, Pluto TV-র মতো ফ্রি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো পড়ে। পুরো FAST মার্কেট যা আয় করে, মাইক্রো-ড্রামা তার প্রায় দ্বিগুণ।¹

২০৩০ সালের মধ্যে চীনেই মাইক্রো ড্রামা ইন্ডাস্ট্রি ১৬.২ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস আছে
২০৩০ সালের মধ্যে চীনেই মাইক্রো ড্রামা ইন্ডাস্ট্রি ১৬.২ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস আছে

চীনে এই ইন্ডাস্ট্রি ২০২১ সালে ছিল মাত্র ৫০ কোটি ডলারের। ২০২৪-এ সেটা ৭ বিলিয়নে পৌঁছেছে।² ২০৩০ সালের মধ্যে চীনেই ১৬.২ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস আছে।² চীনের বাইরে ২০২৪-এ ছিল ১.৪ বিলিয়ন, ২০৩০ সালের মধ্যে সেটা ৯.৫ বিলিয়নে যাবে।²

মাইক্রো ড্রামা ইন্ডাস্ট্রি ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে

ভারতের সংখ্যাটা সবচেয়ে চমকানোর মতো! ২০২৫ সালে ভারতের মাইক্রো-ড্রামা মার্কেট প্রায় শূন্য থেকে শুরু করে ৩০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। শুধু মাত্র এক বছরে।³

কিন্তু শুধু টাকার সংখ্যা দিয়ে ইন্ডাস্ট্রির গভীরতা বোঝা যায় না। Owl & Co.-র তথ্য অনুযায়ী ভার্টিকাল ভিডিও ইকোনমি, যার একটা বড় অংশ মাইক্রো-ড্রামা, ২০২৬ সালে (চীনের বাইরে) ১৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২৫-এর ১০৬ বিলিয়নের তুলনায় ৪২% বেশি।⁴

মোবাইল ইকোনমির একটা বড় পরিবর্তন

মাইক্রো ড্রামা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি

Sensor Tower-এর State of Mobile 2026 রিপোর্টে একটা তথ্য এসেছে যেটা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরাও আশা করেননি।¹

২০২৫ সালে প্রথমবারের মতো নন-গেমিং অ্যাপ, গেমিং অ্যাপের চেয়ে বেশি ইন-অ্যাপ পারচেজ রেভিনিউ করেছে। নন-গেমিং: ৮৫.৬ বিলিয়ন ডলার। গেমিং: ৮১.৮ বিলিয়ন ডলার।¹ নন-গেমিং বেড়েছে ২১%, গেমিং বেড়েছে মাত্র ১%।¹

App Store চালু হওয়ার পর থেকে প্রথম দশ বছর গেম সবকিছুকে ছাড়িয়ে আয় করেছে। সেই যুগ শেষ।

এই পরিবর্তনে যে চারটা ক্যাটাগরি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেগুলো হলো — জেনারেটিভ AI (২০২৫ সালে ৩.৫ বিলিয়ন যোগ করেছে), Movies & TV (২.২ বিলিয়ন), Social Media (২.১ বিলিয়ন), আর শর্ট ড্রামা।¹

মাইক্রো-ড্রামা শুধু বিনোদন ফরম্যাট না। এটা এখন মোবাইল অর্থনীতির একটা কাঠামোগত অংশ হয়ে উঠেছে। এখান থেকে ইন-এপ পারচেজে আয় হচ্ছে কোটি কোটি টাকা!

যে দর্শকরা আপনাকে চমকে দেবেন

দর্শক কিভাবে মাইক্রো ড্রামা খুঁজে পায়?
দর্শক কিভাবে মাইক্রো ড্রামা খুঁজে পায়?

বেশিরভাগ মানুষ ধরে নেন মাইক্রো-ড্রামার দর্শক কিশোর-কিশোরীরা। এটা সম্পূর্ণ ভুল।

Owl & Co.-র Vertical Media Summit-এ ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন মাইক্রো ড্রামার মূল দর্শক হলেন ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীরা।³ এই ডেমোগ্রাফিককে ট্র্যাডিশনাল টেলিভিশন বছরের পর বছর ধরে অবহেলা করে এসেছে। মাইক্রো-ড্রামা সেই শূন্যস্থান পূরণ করছে।

ReelShort-এর CEO Joey Jia বলেছেন, মাইক্রো-ড্রামার মাসিক সাবস্ক্রিপশন ৩৯.৯০ ডলার, যেটা Netflix বা Hulu-র কাছাকাছি।⁴ কিন্তু প্রতিটা সিরিজের প্রোডাকশন কস্ট Netflix-এর একটা এপিসোডের সিকিভাগও না।

Omdia-র রিসার্চ বলছে, মাইক্রো-ড্রামার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) সপ্তাহে ২০ ডলার বা মাসে ৮০ ডলার পর্যন্ত উঠতে পারে।¹ এটা premium কনটেন্টের মনিটাইজেশন।

AI কীভাবে এই ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছে

Owl & Co.-র Vertical Media Summit-এ AI ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়।

ReelShort-এর CEO Joey Jia সরাসরি বললেন: “যদি আমি ১০০% ব্যবসায়ী মানসিকতায় চিন্তা করি, তাহলে আজকেই লাইভ-অ্যাকশন বন্ধ করে দিতাম। কারণ AI-এর মার্কেট রেসপন্স লাইভ-অ্যাকশনের চেয়ে অনেক ভালো।”

তবে তিনি সঙ্গে সঙ্গে যোগ করলেন যে ReelShort হাইব্রিড মডেলে থাকবে। লাইভ-অ্যাকশন বন্ধ হচ্ছে না, কারণ মানুষের আবেগ ও গল্পের গভীরতা এখনো AI-এর পক্ষে ধরা সম্ভব হচ্ছে না সব ক্ষেত্রে।

Holywater-এর My Muse প্ল্যাটফর্ম সম্পূর্ণ AI-জেনারেটেড মাইক্রো-ড্রামা তৈরি করছে। প্রতিষ্ঠাতা Bogdan Nesvit জানিয়েছেন, তাদের AI সিরিজের রিটেনশন, কনভার্সন এবং এনগেজমেন্ট লাইভ-অ্যাকশনের সমান।⁴

“Wednesday” এবং “Top Gun: Maverick”-এর এক্সিকিউটিভ প্রডিউসার Tommy Harper বললেন মানুষের আবেগ ছাড়া কনটেন্ট টিকবে না: “আপনি AI দিয়ে যা খুশি তৈরি করতে পারবেন। কিন্তু মানবিক আবেগ না থাকলে দর্শক টানবে না।“⁴

AI স্ক্রিপ্ট টুল, AI ডাবিং, দ্রুততর প্রি-প্রোডাকশন;  এসব মিলিয়ে একটা সিরিজের প্রোডাকশন কস্ট এখন ২ থেকে ৩ লাখ ডলার।¹ আর এটা প্রতি কোয়ার্টারে আরও কমছে।

TikTok নিজেই এখন মাইক্রো-ড্রামা বানাচ্ছে

টিকটক নিজেই এখন মাইক্রো-ড্রামা বানাচ্ছে

TikTok শুধু মাইক্রো-ড্রামার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম হয়ে থাকেনি। এখন তারা নিজেরাই কনটেন্ট তৈরিতে নামছে।

TikTok-এর গ্লোবাল এন্টারটেইনমেন্ট পার্টনারশিপ হেড Dawn Yang জানিয়েছেন, প্ল্যাটফর্মের প্রথম মাইক্রো-ড্রামা “Screen Time” প্রথম মাসেই ২৫ কোটি ভিউ পেয়েছে।⁴ Issa Rae-এর Hoorae Media-র সাথে করা এই সিরিজের প্রথম সপ্তাহে ভিউ ছিল ৭.৫ কোটি।⁴ দ্বিতীয় পার্টের ভিউ প্রথম সপ্তাহের পিক থেকে ৫০% বেশি ছিল।⁴

TikTok এবং Sundance Institute মিলে একটা মাইক্রো-সিরিজ রাইটিং প্রোগ্রাম তৈরি করবে বলেও ঘোষণা হয়েছে।⁴

Hoorae Media-র প্রেসিডেন্ট Montrel McKay বললেন, “Big Tech-এ TikTok-ই Hollywood-এর সবচেয়ে কাছের।”⁴

TikTok-এর একটা বড় সুবিধা আছে যেটা Netflix বা অন্য প্ল্যাটফর্মের নেই, কমেন্ট সেকশন। Dawn Yang বলেছেন এই ফিচার প্রোডাকশন টিম আর টেকনোলজি টিম দুজনকেই দর্শকের সরাসরি ফিডব্যাক দেয়। বেশিরভাগ প্ল্যাটফর্ম এই সুযোগ এখনো কাজে লাগাচ্ছে না।

PineDrama: ByteDance-এর আসল চাল কী

টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স মাইক্রো ড্রামা দেখার এপ - পাইনড্রামা লঞ্চ করেছে
টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স মাইক্রো ড্রামা দেখার এপ – পাইনড্রামা লঞ্চ করেছে

এখানেই গল্পটা জটিল হয়। টিকটকের মাদার কোম্পানি বাইটডান্স মাইক্রো সিরিজের এপ – পাইনড্রামা লাঞ্চ করেছে।

বেশিরভাগ মিডিয়া PineDrama-র লঞ্চ কভার করেছে এভাবে: “ByteDance মাইক্রো-ড্রামা ক্যাটাগরিতে ঢুকছে ReelShort আর DramaBox-এর সাথে প্রতিযোগিতা করতে।”

এই ফ্রেমিং ভুল।

মিডিয়া কনসালটেন্ট Patrik Wilkens, যিনি TheSoul Publishing-সহ বেশ কিছু মিডিয়া কোম্পানির উপদেষ্টা, এই পয়েন্টটা তার বিশ্লেষণে তুলে ধরেছেন।¹ তার কথা হলো: ByteDance মাইক্রো-ড্রামায় নতুন করে ঢোকেনি। তারা শুধু নিজেদের ফানেলে অন্যদের টোল নেওয়া বন্ধ করেছে।

ব্যাপারটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে।

ReelShort, DramaBox, DramaWave — এই প্ল্যাটফর্মগুলো তাদের মোট অপারেটিং বাজেটের ৯০% পর্যন্ত খরচ করে ইউজার অ্যাকোয়িজিশনে, অর্থাৎ বিজ্ঞাপনে।¹ একটা ২ লাখ ডলারের সিরিজ প্রমোট করতে সাধারণত ২০ লাখ ডলার লাগে।¹ প্রোডাকশনের ১০ গুণ।

এই বিজ্ঞাপনের বড় অংশ যায় কোথায়? TikTok-এ।

মানে, ReelShort যখনই TikTok-এ ইউজার আনার জন্য বিজ্ঞাপন দেয়, ByteDance সেই টাকা পায়। ReelShort ১.২ বিলিয়ন ডলার আয় করেছে আর লোকসানে আছে, কারণ সেই আয়ের একটা বড় অংশ ByteDance-এর কাছে বিজ্ঞাপন বাবদ চলে গেছে।¹

PineDrama লঞ্চ হয়েছে ১৬ জানুয়ারি ২০২৬, আমেরিকা এবং ব্রাজিলে।¹ ফ্রি ইনস্টল, কোনো বিজ্ঞাপন নেই, কোনো পেওয়াল নেই।

বাইটডান্স কেন এত উদার?

কারণ ByteDance-এর নিজের গ্লোবাল অ্যাড বিজনেস আছেঃ programmatic, brand, performance, সব ধরনের। PineDrama-র ইনভেন্টরি সেই একই সিস্টেমে চলবে। নতুন কিছু বানাতে হবে না।¹ আর যখন PineDrama-তে অ্যাড চালু হবে, ইউজার আনার জন্য TikTok-কে টাকা দিতে হবে না, কারণ TikTok ByteDance-এরই।

ReelShort এই খেলায় পারবে না। ReelShort-এর রেভিনিউ মডেল হলো কয়েন-গেটেড এপিসোড আনলক — প্রায় ৯.৯৯ ডলারে কয়েন প্যাক, আর মাসিক সাবস্ক্রিপশন ৩৯.৯০ ডলার।¹ এই মডেলের কনভার্সন সিলিং আছে। বেশিরভাগ ইনস্টল কখনো পেমেন্টে কনভার্ট হয় না, আর যারা করে তারা ৯০ দিনের মধ্যে ক্লান্ত হয়ে পড়েন।¹

PineDrama যখন পুরোপুরি অ্যাড মোডে আসবে, তখন কোনো পেওয়াল না থাকায় ইনস্টল-থেকে-এনগেজমেন্ট কনভার্সন অনেক বেশি হবে। এই অসামঞ্জস্য কোয়ার্টারের পর কোয়ার্টার বাড়তে থাকবে।

ট্যাক্স কালেক্টর বাইটডান্স এবার বিল্ডিংটাই কিনে নিল।

কনটেন্ট ক্রিয়েটর এবং স্টুডিওর জন্য সতর্কবার্তা

PineDrama-র জন্য কনটেন্ট বানানো স্টুডিওগুলোর জন্য খবরটা ভালো না।

Wilkens-এর বিশ্লেষণ বলছে, TikTok আজ পর্যন্ত YouTube বা Meta-র মতো ক্রিয়েটরদের সাথে অ্যাড রেভিনিউ শেয়ার করে না।¹ TikTok Creator Rewards Program একটা নির্দিষ্ট ফান্ড পুলের বাইরে যায় না, আর পেআউট YouTube CPM-এর একটা ভগ্নাংশ।¹

ইউটিউব এর থেকে অনেক বেশি টাকা কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে থাকে।

PineDrama-র ক্ষেত্রেও একই হবে বলে পূর্বাভাস, যখন অ্যাড রেভিনিউ চালু হবে, স্টুডিওর হাতে প্রায় কিছুই আসবে না।¹ স্টুডিওগুলো যা পাবে তা হলো ব্র্যান্ড ইন্টিগ্রেশন ডিল (স্পনসর নাটকের ভেতরে থাকবে) আর লাইভ কমার্স ওভারলে (চরিত্রের পোশাক কিনতে পারবেন দর্শক, ByteDance এটা থেকেও কাট নেবে)।¹

ReelShort অন্তত IAP কয়েন রেভিনিউতে স্টুডিওর ভাগ ছিল। PineDrama সেটাও দেবে না।¹

যে স্টুডিওগুলো টিকে থাকবে, তারা হলো যাদের নিজেদের IP আছে এবং নিজেরাই ব্র্যান্ড ইন্টিগ্রেশন ডিল নিয়ে আসতে পারে। যারা PineDrama-কে শুধু বায়ার হিসেবে ট্রিট করবে, তারা সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন সারফেসে কনটেন্ট দিতে গিয়ে সবচেয়ে খারাপ অর্থনীতিতে আটকে যাবেন।¹

Meta-র চাল: Instagram-এর ভেতর থেকে

ByteDance-এর লজিকটা বুঝলে Meta-র সিগনালগুলো হঠাৎ অনেক স্পষ্ট হয়ে যায়।

২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি Instagram-এ “Short Dramas” নামে একটা নতুন ফিচার দেখা গেছে, ফিচার লিকার Alessandro Paluzzi-র স্ক্রিনশট থেকে।¹ ক্রিয়েটররা সিরিয়াল ভার্টিকাল ড্রামা তাদের Instagram প্রোফাইলে পাবলিশ করতে পারবেন, সাবস্ক্রিপশন লক করে।¹

মানে বুঝতে পারছেন? কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মেটা বিরাট সুযোগ আনছে!

এক মাস পরে Meta ভারতে Meta Marketing Summit এ Micro Drama Edition হোস্ট করে এবং Meta-Ormax-এর একটা যৌথ স্টাডি প্রকাশ করে যেখানে ১৪টা ভারতীয় রাজ্যে ২,০০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।¹ Meta-র নিজস্ব ফ্রেমিং: “দর্শকরা মাইক্রো-ড্রামা খুঁজে বের করে না, ফিডে দেখতে পায়।”¹

Meta এতদিন পুরো ওয়েস্টার্ন মাইক্রো-ড্রামা ক্যাটাগরির মনিটাইজেশন ব্যাকবোন ছিল বাইরে থেকে। ReelShort আর DramaBox তাদের বেশিরভাগ UA বাজেট Meta-তে খরচ করে, আর ৩০-৫৫ বছর বয়সী নারী ডেমোগ্রাফিকের জন্য TikTok-এর চেয়ে Meta-তে ROAS বেশি।¹

Instagram Short Dramas চালু হলে সেই ফানেল Instagram-এর ভেতরেই বন্ধ হবে। পার্থক্য হলো মডেলে –  ByteDance যাচ্ছে অ্যাড মডেলে, Meta যাচ্ছে ক্রিয়েটর-লেড সাবস্ক্রিপশনে।¹ এতে ক্রিয়েটরদের একটা অর্থপূর্ণ শেয়ার দেওয়া যাবে, যা PineDrama দেবে না; আর এটা Meta-র পজিশনিং।

দুটো ভিন্ন মডেল, একই ফলাফল: ফানেল বন্ধ।

Netflix কেন নেই এই দৌড়ে

নেটফ্লিক্স মাইক্রো ড্রামা বানাচ্ছে না, তারা তাদের কন্টেন্ট ডিসকভারির জন্য ভার্টিকাল ফিড লঞ্চ করেছে

Netflix-এর মাইক্রো-ড্রামায় না থাকাটা অনেকের কাছে আশ্চর্যের।

২০২৫ সালের নভেম্বর পর্যন্ত Netflix-এর অ্যাড টায়ারে ১৯ কোটি মান্থলি অ্যাক্টিভ ভিউয়ার আছে, মে ২০২৪-এর ৯.৪ কোটি থেকে প্রায় দ্বিগুণ।¹ সব অ্যাক্টিভ Netflix অ্যাকাউন্টের ৪০% এখন অ্যাড টায়ার ব্যবহার করছে, যেখানে এক বছর আগে ছিল ২৬%।¹ অ্যাড রেভিনিউ ২০২৫-এ প্রায় ১.৫ বিলিয়ন থেকে ২০২৯ সালে ৯ বিলিয়নে পৌঁছাবে বলে প্রজেকশন আছে।¹

তাহলে কেন মাইক্রো-ড্রামায় নেটফ্লিক্স নেই?

কারণ Netflix-এর কাছে নিজের UA সারফেস নেই। ইউজার আনতে হলে তাদেরও Meta, TikTok বা Google-কে টাকা দিতে হয়।¹ ByteDance বা Meta যে ফানেল ক্লোজার প্লে খেলছে, Netflix সেটা চাইলেও করতে পারবে না।

তারা উল্টো কাজ করছে, Moments ফিচার আর TikTok-স্টাইল ভার্টিকাল ফিড ব্যবহার করছে তাদের লং-ফর্ম লাইব্রেরির ডিসকভারি টুল হিসেবে।¹ শর্ট-ফর্ম তাদের কাছে প্রোডাক্ট না, ফানেল।

Netflix মাইক্রো-ড্রামায় না ঢোকা মানে এটাও, তারা মাইক্রো-ড্রামা IP বা স্টুডিও কিনবে না।¹ যারা এই আশায় আছেন, তাদের জন্য দুঃসংবাদ। বায়ার হবে ByteDance, Meta, সম্ভবত Google অথবা ওয়েস্টার্ন ফুটপ্রিন্ট বাড়াতে আগ্রহী এশিয়ান প্লেয়াররা।

হলিউড এবং বড় স্টুডিওরা এখন কী করছে

Owl & Co.-র Vertical Media Summit-এ স্পষ্ট হলো, বড় প্লেয়াররা এখন আর দূর থেকে দেখছে না।

Fox Entertainment Studios প্রেসিডেন্ট Fernando Szew জানালেন, Bento Box Entertainment, যারা “Bob’s Burgers”-এর জন্য পরিচিত তারা প্রথম অ্যাডাল্ট অ্যানিমেশন মাইক্রো-সিরিজ বানাচ্ছে।⁴ Fox-এর Holywater-এর My Drama অ্যাপে ইকুইটি স্টেক আছে।⁴

Dhar Mann Studios-এর CEO Sean Atkins বললেন, Fox-এর জন্য প্রথম পাঁচটা মাইক্রো-ড্রামা প্রায় তৈরি, তৃতীয় কোয়ার্টারে আসবে।⁴ ৪০ টাইটেলের স্লেটের চুক্তি হয়েছে।⁴

Peacock, ReelShort থেকে মাইক্রো-ড্রামা লাইসেন্স নিয়েছে এবং এই গ্রীষ্মে Bravo ট্যালেন্টদের নিয়ে আনস্ক্রিপ্টেড মাইক্রো-ড্রামার পরিকল্পনা আছে।⁴

Fox-এর “Farmer Wants a Wife”-এর তৃতীয় সিজনকে ১০১ এপিসোডের মাইক্রো-ড্রামায় রূপান্তর করা হচ্ছে, কোম্পানি এটাকে “mobile-first binge experiment” বলছে।⁴

ফরম্যাটটাও বদলাচ্ছে। ইন্ডাস্ট্রির ভেতরে এখন “মাইক্রো-ড্রামা” শব্দটার বদলে “মাইক্রো-সিরিজ” ব্যবহার হচ্ছে। কারণ ফরম্যাট এখন আর শুধু রোমান্টিক সোপ অপেরায় আটকে নেই। ক্রাইম, ওয়াইল্ডলাইফ ডকুমেন্টারি, কমেডি, অ্যানিমেশন সব দিকে ছড়াচ্ছে।⁴

মাইক্রো ড্রামাঃ আসল প্রশ্নটা কী

ইন্ডাস্ট্রির সব কনফারেন্সে এখন কথা হচ্ছে,  প্রোডাকশন কস্ট কমানো, AI ডাবিং, লোকালাইজেশন পাইপলাইন।

Patrik Wilkens-এর যুক্তি হলো এটা ভুল প্রশ্ন।¹

প্রোডাকশন কস্ট এমনিতেই কমবে। AI সেটা নিশ্চিত করছে। ২ লাখ ডলারে সিরিজ বানানো এখন হয়, আরও কমবে। এটা আর কোনো সুবিধা না, এটা কমোডিটি।

আসল প্রশ্ন হলো: আপনার কাছে কি ইউজারের সাথে সরাসরি সম্পর্ক আছে? নিজের ফানেল, নিজের গ্রাফ, নিজের হ্যাবিট লুপ?

না থাকলে, আপনি অন্যের ফানেলে কনটেন্ট সাপ্লাই দিচ্ছেন। এটা একটা বিজনেস। কিন্তু যখন প্ল্যাটফর্মগুলো নিজেরাই কনটেন্ট বানানো শুরু করে, যেটা এখন হচ্ছে, তখন সেই পজিশন আর নিরাপদ না।

ReelShort আর DramaBox এই ক্যাটাগরি তৈরি করেছে। ByteDance আর Meta এখন সেটা নিজেদের করে নিচ্ছে।

বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় যারা কনটেন্ট নিয়ে কাজ করেন, এই শিফটটা চোখে রাখার মতো। আমাদের দেশে ইন্টারনেট ইউজারদের এক বিশাল অংশ ফেসবুক/ইন্সটাগ্রামে প্রচুর রিলস আর ইউটিবে শর্টস দেখে অভ্যস্ত। এসবে প্রচুর কন্টেন্ট তৈরি হয়, যা থেকে লং-ফর্ম নাটক বা ভিডিওতে ভিউয়ার্স ডাইভার্ট হয়। ফেসবুক ও ইউটিউব মনেটাইজেশন থেকে অনেকে অনেক টাকা আয় করে। শুধু মাত্র মাইক্রো-ড্রামা কিংবা মাইক্রো-সিরিজ বানিয়ে যেকেউ হিউজ টাকা আয় করতে পারে, যদি তার কন্টেন্ট ভালো ও এঙ্গেইজিং হয়।

ভারতে মাইক্রো-ড্রামা এক বছরে শূন্য থেকে ৩০০ মিলিয়ন ডলারে গেছে।³ পরের ওয়েভটা কোথায় আসবে, সেটা নিয়ে এখনই ভাবার সময়।

তথ্যসূত্র:

¹ Patrik Wilkens, “AVOD’s Next Phase: How TikTok Changed Micro-Drama, And How Meta And Netflix Reacted”, The Attention Economy Weekly, LinkedIn Pulse, 2026 — https://www.linkedin.com/pulse/avods-next-phase-how-tiktok-changed-micro-drama-meta-patrik-rvs2e/ [মূল বিশ্লেষণ, PineDrama লঞ্চ ডেটা, ReelShort আয় ও লোকসান, ByteDance ফানেল কৌশল, Instagram Short Dramas লিক, Netflix অ্যাড টায়ার ডেটা, Sensor Tower State of Mobile 2026 ডেটা, Omdia ARPU ডেটা]

² TVBIZZ Magazine, “The Tiny Episodes Making Big Waves”https://www.tvbizzmagazine.com/the-tiny-episodes-making-big-waves [চীনের মাইক্রো-ড্রামা রেভিনিউ ইতিহাস ও ২০৩০ প্রজেকশন, চীনের বাইরের মার্কেট সাইজ]

³ Real Reel, “Amazon, TikTok and the Microdrama Moment”, March 2026 — [ভারতের মাইক্রো-ড্রামা মার্কেট ৩০০ মিলিয়ন ডলার, ৪৫ কোটি ডাউনলোড, মূল দর্শক ৩০-৬০ বছর বয়সী নারী]

⁴ Tess Patton, “Microdramas Are Exploding: Here Are 5 Ways People Are Talking About Them”, The Wrap — https://www.yahoo.com/entertainment/tv/articles/microdramas-exploding-5-ways-people-131500793.html [Owl & Co. Vertical Media Summit ডেটা, Joey Jia উদ্ধৃতি, Tommy Harper উদ্ধৃতি, Dawn Yang ও TikTok “Screen Time” ডেটা, Fox/Peacock/Dhar Mann Studios ঘোষণা, Bogdan Nesvit/My Muse AI ডেটা, ভার্টিকাল ভিডিও ইকোনমি ১৫০ বিলিয়ন ডলার প্রজেকশন]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.